সর্বশেষ

Monday, November 8, 2021

বড় সিলেবাসে আর পরীক্ষা নয় ॥ শিক্ষামন্ত্রী

বড় সিলেবাসে আর পরীক্ষা নয় ॥ শিক্ষামন্ত্রী

  শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে কাজ 




করছে বর্তমান সরকার। মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে বিজ্ঞানমনষ্ক ও মানবিক গুণাবলীসম্পন্ন আগামী প্রজন্ম গড়ে তুলতে এই নতুন শিক্ষাক্রম প্রণয়ন করা হচ্ছে। এখন থেকে আর বড় সিলেবাসে পরীক্ষা হবে না।

রবিবার রাজধানীর টিকাটুলিতে শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয় প্রাঙ্গণে শেখ রাসেল দিবস উপলক্ষে দেয়ালিকা ও বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, নতুন পাঠ্যক্রমের আরেকটি উদ্দেশ্য হচ্ছে শিক্ষা হবে আনন্দময়। সারাক্ষণ পরীক্ষার ভয় আর অনেক অনেক বইয়ের চাপ শুধু যেন না হয়। বিশাল সিলেবাসের পরীক্ষা আর হবে না। সারাবছরে স্কুলে বিভিন্ন কার্যক্রমের ভিত্তিতেই শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। নতুন শিক্ষাক্রমে পরীক্ষা নির্ভর মূল্যায়নের চেয়ে ধারাবাহিক মূল্যায়নের গুরুত্ব দেয়া হয়েছে বেশি। সেই বিবেচনায় পরীক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে। জিপিএ-৫ ও পরীক্ষা ও সনদ নির্ভর শিক্ষা থেকে বেরিয়ে আসার পরিকল্পনার কথাও জানান শিক্ষামন্ত্রী। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক প্রধান অতিথির বক্তব্য রাখেন।


গণপরিবহনের ভাড়া বৃদ্ধিতে যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা

গণপরিবহনের ভাড়া বৃদ্ধিতে যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা


 বাংলাদেশে গণপরিবহনের ভাড়া বাড়ানোর সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া ও অসন্তোষ দেখা দিয়েছে যাত্রীদের মধ্যে।

সকালে সংবাদ সম্মেলন করে 'যাত্রীবান্ধব ভাড়া' পুনঃনির্ধারণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

সংগঠনটির মহাসচিব মোঃ মোজাম্মেল হক চৌধুরী একে 'মালিকদের স্বার্থরক্ষার জন্য নির্ধারিত' বলে অভিযোগ করে বর্ধিত ভাড়া প্রত্যাখ্যান করেছেন।

ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পরিবহন মালিকদের ডাকা ধর্মঘট শেষ হয়েছে গণ-পরিবহনের ভাড়া বাড়ানোর মধ্য দিয়ে। সোমবার থেকে নতুন ভাড়ায় পরিবহন চলাচল শুরু হয়েছে।



Saturday, November 6, 2021

‘ফেসবুক থেকে ব্যতিক্রম’ দাবির চেষ্টা টেক জায়ান্টদের

‘ফেসবুক থেকে ব্যতিক্রম’ দাবির চেষ্টা টেক জায়ান্টদের

 


সম্প্রতি শিশু-কিশোরদের বিষয়টি সামনে রেখে টিকটক, স্ন্যাপচ্যাট ও ইউটিউবের মতো প্রযুক্তি জায়ান্টদের প্রশ্নের সম্মুখীন করেছেন মার্কিন সিনেটররা। সম্প্রতি এক শুনানিতে টেক জায়ান্টরা প্রমাণ করার চেষ্টা করে তারা ফেসবুক থেকে আলাদা। কিন্তু তাদের এই দাবি টেকেনি। উল্টো তাদের বলা হয়েছে, ফেসবুক থেকে আলাদা প্রমাণ করার চেষ্টা তাদের রক্ষা করতে পারবে না।

এ বিষয়ে সিনেটর রিচার্ড ব্লুমেনথাল শুনানিতে বলেন, আমরা আপনাদের বিরুদ্ধেও একইরকম ক্ষতিকর কথা শুনে আসছি। সমস্যাটা এখানে খুবই পরিষ্কার। অর্থের পাহাড় গড়তে শিকারে পরিণত করা হচ্ছে শিশু-কিশোরদের। আপনারা সবই করছেন ব্যবহারকারী বাড়ানোর জন্য, বিশেষ করে শিশুদের অংশগ্রহণ বাড়ানোর জন্য। বড় টেক প্রতিষ্ঠান এখন বড় তামাক প্রতিষ্ঠানের মতো। কিন্তু হিসাবের সময় এসেছে। এখন সব কিছুরই জবাবদিহি করতে হবে।

স্ন্যাপচ্যাট জবাবে জানায়, তারা ফেসবুক ক্যাটাগরির নয়। এটি তৈরি করা হয়েছে সোশ্যাল মিডিয়ার প্রতিষেধক হিসেবে- উল্লেখ করেন স্ন্যাপচ্যাটের গ্লোবাল পাবলিক পলিসির ভাইস প্রেসিডেন্ট জেনিফার স্টাউট। এমনকি আমরা নিজেদের একটি ক্যামেরা প্রতিষ্ঠান বলে দাবি করতে চাই বলে তিনি মন্তব্য করেন। অপরদিকে টিকটকের পাবলিক পলিসির প্রধান মাইকেল বেকারম্যান শুনানিতে বলেন, টিকটক কোনও ফলোয়ারভিত্তিক সোশ্যাল মিডিয়া নয়। ব্যবহারকারী টিকটক তৈরি করে আর সেটা দেখে। কিন্তু টিকটকের বিরুদ্ধে অভিযোগ আনা হয় তাদের অ্যালগরিদমে শিশু-কিশোরদের জন্য ক্ষতিকারক কনটেন্ট রাখায়। বিশেষ করে নিম্নমানের ভিডিও এবং ভয়ংকর সব প্র্যাংকের জন্য।

বিবিসি জানায়, অনেক মার্কিন রাজনীতিবিদের দাবি এসব আইন অনেক পুরনো এবং সোশ্যাল নেটওয়ার্কগুলোকে এর দায়ভার অবশ্যই নিতে হবে।

মেটা নামের জন্য ফেসবুককে অর্থ গচ্চা দিতে হতে পারে

মেটা নামের জন্য ফেসবুককে অর্থ গচ্চা দিতে হতে পারে

 


গেলো সপ্তাহে ফেসবুক তাদের প্যারেন্ট প্রতিষ্ঠান মেটা নামে আত্মপ্রকাশ করে। অর্থাৎ এখন থেকে মেটা’র অধীনে থাকবে ফেসবুক, হোয়টসঅ্যাপ, ইনস্টাগ্রাম-সহ তাদের সব প্রতিষ্ঠান বা সেবা পণ্য।

শোনা যাচ্ছে এই নামটি অধিগ্রহণের জন্য প্রতিষ্ঠানটিকে বেশ কিছু অর্থ খরচ করতে হতে পারে। এর কারণ, গত আগস্টে জ্যাক শাট নামে এক ভদ্রলোক তার একটি পিসি স্টার্ট আপ প্রতিষ্ঠানের জন্য মেটা নামে ট্রেডমার্ক করে নিয়েছিলেন। এই নামের অধীনে তিনি গত বছর নভেম্বরে মেটা পিসি ব্র্যান্ডের অধীনে কিছু পণ্য বিক্রিও করেন।

সংবাদ মাধ্যম উবার গিজমো জানায়, ২৮ অক্টোবর ফেসবুক মেটা ট্রেডমার্কের জন্য আবেদন করে। কিন্তু দুঃখের বিষয় হলো সেই নামটি অনুমোদিত হয়নি। ফলে এই নামের জন্য ফেসবুককে আইনি লড়াই করতে হতে পারে। তবে টিএমজেড’র বরাতে জানা যায়, তারা জাকারবার্গের সঙ্গে সমঝোতায় আসতে রাজি যদি জাকারবার্গ তাদের দুই কোটি ডলার দিতে সম্মত হন।

এ বিষয়ে ফেসবুকের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনও মন্তব্য পাওয়া যায়নি।

 

মুক্তাগাছায় গৃহবধূর মৃত্যু, স্বামী আটক

মুক্তাগাছায় গৃহবধূর মৃত্যু, স্বামী আটক


 

ময়মনসিংহের মুক্তাগাছার গাবতলী চাঁনপুর সালুয়া গ্রামে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনে তমা আক্তার (২২) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার (৫ নভেম্বর) সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়। এ ঘটনায়  নিহতের বাবা আবু তাহেরের অভিযোগের ভিত্তিতে হাসপাতাল থেকে অভিযুক্ত স্বামীকে পুলিশ আটক করেছে। তবে পালিয়ে গেছেন নিহতের শ্বশুর।

নিহতের বাবার অভিযোগ, ৯ মাস আগে মুক্তাগাছার গাবতলী চাঁদপুর সালুয়া গ্রামের তমা আক্তারের বিয়ে হয়। তার স্বামী নিজেকে মাস্টার্স পাস দাবি করলেও বিয়ের কিছুদিন পর প্রতারণা ধরা পড়ে। এ নিয়ে প্রায়ই ঝগড়া লেগে থাকতো। এক পর্যায়ে তমা তার বাবার বাড়িও চলে যান। মাসখানেক আগে তমার স্বামী তাকে আবার ফিরিয়ে আনেন। শুক্রবার (৫ নভেম্বর) দুপুরে ছোট বোনের বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল তমার। কিন্তু পারিবারিক কলহের জেরে স্বামী ও তার পরিবার তমাকে বিয়েতে যেতে দেয়নি। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে নির্যাতনের শিকার হয়ে অসুস্থ হয়ে পড়েন তমা। শুক্রবার বিকালে মুক্তাগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সন্ধ্যায় তিনি মারা যান।

 তমার বাবা আবু তাহের জানান, ‘নির্যাতনের কারণে তমাকে একবার বাড়িতেও নিয়ে গিয়েছিলাম। পরে দেনদরবার করে তাকে ফিরিয়ে নিয়ে যায়। আমার ছোট মেয়ে তামান্নার বিয়ের অনুষ্ঠানকে ঘিরে ঝগড়া বাঁধলে শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করে আমার মেয়েকে মেরে ফেলেছে।’

তমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মুক্তাগাছা থানার ওসি মাহমুদুল হাসান জানান, তমার বাবা থানায় অভিযোগ করেছেন। অভিযুক্ত স্বামীকে আটক করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

ব্যাংককে পৌঁছেছেন রওশন এরশাদ

ব্যাংককে পৌঁছেছেন রওশন এরশাদ

 


উন্নত চিকিৎসার জন্য নিরাপদে থাইল্যান্ডের ব্যাংককে পৌঁছেছেন সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। শুক্রবার (৫ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টার পর তিনি ব্যাংককে পৌঁছান বলে জানিয়েছেন তার ছেলে সংসদ সদস্য রাহগির আলমাহি সাদ এরশাদ। এদিন রাত সাড়ে ৯টার দিকে বিরোধী দলীয় নেতার একান্ত সহকারী মামুন হাসান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

মামুন হাসান বলেন, ‘আলহামদুলিল্লাহ, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এমপি নিরাপদে ব্যাংককে পোঁছেছেন বলে জানিয়েছেন সাদ এরশাদ এমপি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরোধী দলীয় নেতাকে নিয়ে গুজব সৃষ্টি না করতে অনুরোধ জানিয়েছেন তিনি (সাদ)।’

বিরোধী দলীয় নেতার জন্য দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন সাদ এরশাদ।

এর আগে  শুক্রবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে উন্নত চিকিৎসার জন্য ব্যাংককের উদ্দেশে এয়ার অ্যাম্বুলেন্সে শাহজালাল বিমানবন্দর থেকে রওনা হন জাতীয় পার্টির চিফ প্যাট্রন ও সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। তার রয়েছেন  ছেলে রাহগির আলমাহি সাদ এরশাদ এবং পুত্রবধূ মাহিমা এরশাদ।

শুক্রবার বিকাল চারটার দিকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে রাহগির আলমাহি সাদ এরশাদ জানান, ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা নেবেন রওশন এরশাদ।

 

একাত্তরে আটকে পড়া পাকিস্তানিদের তিয়াত্তরে ফেরার আকুতি

একাত্তরে আটকে পড়া পাকিস্তানিদের তিয়াত্তরে ফেরার আকুতি

 

বাংলাদেশে অবস্থানকারী ৫ লক্ষ পাকিস্তানি নাগরিক—যাদেরকে পাকিস্তান ফিরিয়ে নিতে অস্বীকার করছে—তারা নিজেদের দেশে ফিরে যেতে বিভিন্ন দেশের সরকারের কাছে দয়া ভিক্ষা করে আকুল আবেদন জানায়। ওয়াশিংটন পোস্টে একজন পাকিস্তানি নাগরিক জানান, তাদের প্রতি পাকিস্তান সরকারের উপেক্ষা ও টালবাহানা আটকে পড়া পাকিস্তানিদের মানসিক দুঃশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ঢাকায় অবস্থানকারী পাকিস্তানি নাগরিক পত্রিকার সম্পাদকের কাছে জানানো আকুতির খবর পাঠালে তা ছাপা হয়।

তিনি ওই চিঠিতে প্রকৃত তথ্য তুলে ধরে বলেন, পাকিস্তানের নাগরিকত্বের সার্টিফিকেট রয়েছে এমন পাকিস্তানিও সরকারের টালবাহানায় দেশে ফিরতে পারছে না। তিনি বাংলাদেশে অবস্থানকারী পাকিস্তানিরা যাতে নিজ দেশে ফিরে যেতে পারেন সে জন্য পাকিস্তান সরকারের ওপর চাপ সৃষ্টি ও সম্মত করাতে বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও জনগণের কাছে আবেদন জানান।

 

অক্টোবর বিপ্লব উপলক্ষে রাষ্ট্রপতি ও বঙ্গবন্ধুর অভিনন্দন

বাংলাদেশের রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ চৌধুরী, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পররাষ্ট্রমন্ত্রী কামাল হোসেন সমাজতান্ত্রিক বিপ্লববার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ দিবস উপলক্ষে রাষ্ট্রপতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তার বাণীতে জাতীয় মুক্তিসংগ্রামে সোভিয়েত ইউনিয়নের মূল্যবান সাহায্যের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি পুনরায় ঘোষণা করেন, বাংলাদেশ ও সোভিয়েতের জনগণের পারস্পরিক কল্যাণের স্বার্থে উভয় দেশের বর্তমান মৈত্রী ও সৌহার্দ্য উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকবে।

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অক্টোবর বিপ্লব বার্ষিকীতে সোভিয়েত প্রধানমন্ত্রীর কাছে আন্তরিক অভিনন্দন বাণী পাঠান। প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, সোভিয়েতের অক্টোবর বিপ্লব বিশ্বের সকল জনপ্রিয় ও প্রগতিশীল সংগ্রামে অনুপ্রেরণার উৎস। সোভিয়েত ইউনিয়নের জনগণের সকল ক্ষেত্রে অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন প্রধানমন্ত্রী। তিনি আশা প্রকাশ করে বলেন, পারস্পরিক প্রচেষ্টা ও শুভেচ্ছার মাধ্যমে আমাদের উভয় দেশের মধ্যকার মৈত্রী বন্ধন আরও জোরদার হবে।

পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হোসেন অভিনন্দন বার্তায় সোভিয়েত সরকার ও জনগণের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

এদিন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ একাদশ বনাম সোভিয়েত ডায়নামো মিনস্ক দলের মধ্যে অনুষ্ঠিত ফুটবল খেলা দেখেন। সোভিয়েত ইউনিয়নের ডায়নামো মিনস্ক ক্লাব এদিন বাংলাদেশ সফরে তাদের প্রথম খেলায় ৭-০ গোলে ঢাকা একাদশকে হারায়। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে মন্ত্রিপরিষদসহ অন্য মন্ত্রীরাও খেলা দেখেন।

দুর্যোগ মোকাবিলায় সর্বাত্মক ব্যবস্থা বঙ্গোপসাগরে

এদিন হারিকেনের আকারে প্রবল ঘূর্ণিঝড় সৃষ্টি হয় বলে জানা যায়। এ ঘূর্ণিঝড় বাংলাদেশের উপকূলে প্রচণ্ড আঘাত হানতে পারে বলে আশঙ্কা জানিয়ে জরুরি অবস্থা মোকাবিলায় সরকার সম্ভাব্য সকল পদক্ষেপ গ্রহণ করে। রাত সাড়ে এগারোটার সর্বশেষ খবর অনুযায়ী ঝড়টি চট্টগ্রামের দক্ষিণ-পশ্চিমে স্থিরভাবে অবস্থান করেছিল। সতর্কীকরণ কেন্দ্র থেকে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা দেখাতে বলা হয়। চট্টগ্রাম, নোয়াখালী, বরিশাল, পটুয়াখালী ও খুলনার অগ্রবর্তী দ্বীপাঞ্চলে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়।

আইসিআরসি আরেক শীর্ষ বৈঠক

একটি আদর্শ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যে। শান্তি সম্মেলন হওয়ার আগে সমস্ত আরব রাষ্ট্রের নীতিগুলোর মধ্যে সমন্বয় সাধনই হবে ওই শীর্ষ বৈঠকের উদ্দেশ্য। প্যালেস্টাইন মুক্তি সংস্থার একজন নেতা পত্রিকায় প্রকাশিত সাক্ষাৎকারে বলেন আলজিয়ার্সে শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে এবং আলজেরিয়া, লিবিয়া ও কুয়েত হবে এর আহবায়ক।

 

 

 

স্কটল্যান্ডকে হারিয়ে ‘কাজটা’ সেরে রাখলো ভারত

স্কটল্যান্ডকে হারিয়ে ‘কাজটা’ সেরে রাখলো ভারত

 


সেমিফাইনালে যেতে বাকি ম্যাচে শুধু জয় নয়, সেই জয়ে থাকা লাগবে বিরাট ব্যবধান। পাশাপাশি তাকিয়ে থাকতে হবে বাকিদের ফলের দিকেও! তাই স্কটল্যান্ডকে ৬.৩ ওভারে ৮ উইকেটে হারিয়ে ‘সম্ভাবনা’ বাঁচিয়ে রেখেছে বিরাট কোহলির দল। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ-২- এ পয়েন্ট টেবিলের যা অবস্থা। তাতে নিউজিল্যান্ড, আফগানিস্তান ও ভারতের সমান সুযোগ আছে শেষ চারে যাওয়ার। পয়েন্ট সমান হয়ে গেলে সেক্ষেত্রে রান রেটই ভাগ্য নির্ধারণে ভূমিকা রাখবে। নিউজিল্যান্ড নামিবিয়াকে হারালেও আফগানিস্তানের রান রেট টপকে যেতে পারেনি। প্রতিপক্ষকে অল্পতে রুখে সেই কাজটা ভারত করে ফেললো সুচারুরূপে! ৮১ বল বাকি রেখে পাওয়া জয়ে ৪ পয়েন্ট প্রাপ্তির সঙ্গে রান রেটেও তারা পেছনে ফেলেছে গ্রুপের সবাইকে!

পাকিস্তান আগেই সেমি নিশ্চিত করেছে ৪ ম্যাচে ৮ পয়েন্ট পেয়ে। তাদের রান রেট ১.০৬৫। নিউজিল্যান্ড ৪ ম্যাচে ৬ পয়েন্ট পেলেও তাদের রান রেট ১.২৭৭। ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ভারতের রান রেট এখন ১.৬১৯। সমান ম্যাচে ৪ পয়েন্ট পাওয়া আফগানদের রান রেট ১.৪৮১।

তবে রবিবার নিউজিল্যান্ড আফগানদের হারিয়ে দিলে তখন আর এই হিসেব-নিকেশ কাজে আসবে না। শুধু পয়েন্টের বিচারে কিউইরা নিশ্চিত করবে সেমিফাইনাল। কিন্তু ক্রিকেট অনিশ্চয়তার খেলা হওয়ায় শেষটা কে কল্পনা করতে পারে? তাই সম্ভাবনার দুয়ার খুলে রাখতে নিজেদের কাজটা করে রাখছে ভারতীয় দল।

সেই কাজের অর্ধেকটা হয়ে যায় টস ভাগ্যেই! কোহলির জন্মদিনে টস জেতা ভারত স্কটিশদের রুখে দেয় মাত্র ৮৫ রানে। তাও আবার ১৭.৪ ওভারে! বুমরাহ, সামি ও জাদেজার নৈপুণ্যেই দিশেহারা হয়ে যায় স্কটল্যান্ড।

৩.৪ ওভারে ২টি উইকেট নিয়ে সবচেয়ে বেশি মিতব্যয়ী ছিলেন জসপ্রীত বুমরাহ। ১ মেডেনে দিয়েছেন ১০ রান। পাশাপাশি ভারতের হয়ে এই ফরম্যাটের সর্বোচ্চ উইকেট শিকারিও হয়ে গেছেন। এছাড়া ৩ ওভারে ১৫ রানে ৩টি নেন মোহাম্মদ সামি, ৪ ওভারে সমান রান দিয়ে তিনটি নেন রবীন্দ্র জাদেজাও। ম্যাচসেরাও তিনি। একটি নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।        

রান রেট ভাবনায় দুই ওপেনার লোকেশ রাহুল ও রোহিত শর্মা ছিলেন বিধ্বংসী। ৫ ওভারেই তারা তুলে ফেলে ৭০ রান। ৫ চার ও এক ছক্কায় ৩০ রান করা রোহিতকে ফেরানো গেলেও রাহুল ঝড় থামানো যায়নি তার ফিফটির আগ পর্যন্ত। ১৯ বলে ৬ চার ও ৩ ছক্কায় এই ওপেনার তুলে নেন ঝড়ো হাফসেঞ্চুরি। ষষ্ঠ ওভারে হুইল তাকে ম্যাকলয়েডের ক্যাচ বানালেও সূর্কুমার যাদব ৬.৩ ওভারে ছয় মেরে নিশ্চিত করেন ভারতের কাঙ্ক্ষিত জয়। ২ উইকেট হারিয়ে পাওয়া জয়ে ২ রানে ক্রিজে ছিলেন অধিনায়ক কোহলি।

আন্তবিশ্ববিদ্যালয় পলিসি মেকিং কম্পিটিশন অনুষ্ঠিত

আন্তবিশ্ববিদ্যালয় পলিসি মেকিং কম্পিটিশন অনুষ্ঠিত

 


বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর উদ্যোগে  ‘আন্তবিশ্ববিদ্যালয় পলিসি মেকিং কম্পিটিশন ২০২১’ এর চূড়ান্তপর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ নভেম্বর) আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (৪ নভেম্বর) ঢাকার মিরপর সেনানিবাসে বিজয় অডিটোরিয়ামে ইকোনমিক্স ক্লাবে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

 

বৈশ্বিক করোনা মহামারিতে চলমান অর্থনৈতিক প্রতিবন্ধকতা দূর করার ক্ষেত্রে শিক্ষার্থীদের মাঝে উদ্ভাবনী শক্তি জাগিয়ে তোলার উদ্দেশ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এছাড়া বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মোশফেকুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

চূড়ান্ত প্রতিযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের টিম ‘রাজমাটাজ’ চ্যাম্পিয়ন, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির  টিম ‘প্যাক ম্যান’  প্রথম রানার আপ  এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের টিম ‘ওয়াই নোটস’ দ্বিতীয় রানার আপ হয়। মোট ১৬২টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

হৃদয় খানের ‘শূন্য হৃদয়’, গীতিকবি শানারেই

হৃদয় খানের ‘শূন্য হৃদয়’, গীতিকবি শানারেই

 


অনেক দিন সেই অর্থে বিশেষ কোনও গান-চমকে নেই দেশের অন্যতম সংগীতশিল্পী হৃদয় খান। হতে পারে করোনার বিরতিতে ছিলেন। অন্যদিকে অভিনয়ের মাঝপথে শানারেই দেবী শানু বদলালেন বাঁক, গেলো ক’বছর তিনি রীতিমতো ব্যস্ত লেখক! কবিতা, উপন্যাস, শিশুতোষ গল্প- হাঁটছেন সব্যসাচীর পথে।

এতকাল যোজন দূরত্বে থাকলেও এবার হৃদয়-শানারেই এক হলেন। হৃদয় খানের জন্য লিখলেন দেবী। কবিতা বা গল্প নয়; সরাসরি গান। এরমধ্যে রেকর্ডিং-শুটিং শেষ। শুক্রবার (৫ নভেম্বর) রাতেই এটি হৃদয় খানের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হচ্ছে বলেন জানান শানু।

বাংলা ট্রিবিউনকে এই নতুন গীতিকবি বলেন, ‘হৃদয় খান আমার পছন্দের শিল্পী। গান আমি আগেও লিখেছি দু’চারটে। তবে সেসব আর গান হয়ে ওঠেনি। এবারই প্রথম গান প্রকাশ হচ্ছে আমার লেখা। তাই এই গানটিকে ঘিরে আমার ভেতরে অদ্ভুত ভালোলাগা কাজ করছে। জানি না শ্রোতারা কেমন করে নেন। অপেক্ষায় আছি। আশা করছি আমাদের এই শব্দ-সুরের মেলবন্ধন সবার ভালো লাগবে।’

 

 লাক্স-চ্যানেল আই সুপারস্টার শানারেই দেবী শানু অভিনয়ের পাশাপাশি নিয়মিত করছেন লেখালেখি। এরমধ্যে প্রকাশ হয়েছে কাব্যগ্রন্থ ‘নীল ফড়িং কাব্য’, ‘লাল এপিটাফ’, ‘ত্রিভুজ’ ও ‘অসময়ের চিরকুট’। শিশুতোষ গল্প ‘শানারেই ও তার জাদুর লেইত্রেং’, উপন্যাস ‘একলা আকাশ’ ও ‘আমার একটা তুই চাই’।

লেখার জন্য পেয়েছেন সিটি আনন্দ আলো পুরস্কার (২০১৭) ও মীনা মিডিয়া অ্যাওয়ার্ড (২০১৯)। তবে সাহিত্যে নিয়মিত হলেও অভিনয়টা সঙ্গেই রেখেছেন শানু। নিয়মিত কাজ করছেন নাটক ও সিনেমায়।